বয়স যেন কেবল একটি সংখ্যা, এ কথার সবচেয়ে বড় উদাহরণ এখনো ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও তার ধার যে একটুও কমেনি, সেটাই আবার প্রমাণ করলেন মাঠে ফিরেই। এক মাসের চোট কাটিয়ে ফিরেই জোড়া গোলে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন একেবারে সামনে থেকে।
শুক্রবার দিবাগত রাতে সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে ৫-২ ব্যবধানে বড় জয় পায় আল নাসর। আর এই জয়ের নায়ক রোনালদো। তার দুই গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল নাসর এগিয়ে গেল আল হিলাল থেকে ৬ পয়েন্টে।
গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন রোনালদো। এরপর চিকিৎসার জন্য স্পেনে গিয়ে তিন সপ্তাহের পুনর্বাসন শেষে আবারও ফিরলেন নিজের পরিচিত ছন্দে।
ঘরের মাঠ আল আউয়াল পার্কে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান। এই জোড়া গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-তে। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার দৌড়ে এখন তিনি মাত্র ৩৩ গোল দূরে।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগের গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে। এই দৌড়ে ইভান টোনির চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে থেকে তিন নম্বরে আছেন রোনালদো।
রোনালদোর প্রত্যাবর্তনের রাতে উজ্জ্বল ছিলেন সাদিও মানেও। চোট কাটিয়ে ফিরে ম্যাচের দুই অর্ধের ইনজুরি টাইমে গোল করে তিনিও জোড়া পূর্ণ করেন। এছাড়া আব্দুল্লাহ আল হামদান একটি গোল যোগ করেন আল নাসরের হয়ে।
এই জয়ের পর ২৭ ম্যাচে আল নাসরের সংগ্রহ ৭০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। আজ আল তাওয়ানর বিপক্ষে জিতে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে তাদের সামনে।