আফ্রিকাতেও মহাদেশভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আফ্রিকা টি-টোয়েন্টি কাপ’। এশিয়া কাপ ও ইউরোপের নেশন্স কাপের মতো এই টুর্নামেন্টকে বাণিজ্যিকভাবে সফল করার লক্ষ্যেই আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) এই পরিকল্পনা করছে।
গত বছর জিম্বাবুয়ের ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান করার মাধ্যমে এসিএ পুনর্গঠন সম্পন্ন করেছে। এর পর থেকে বিভিন্ন লাভজনক প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। তবে ২০২৭ সালের আগে আসরের সম্ভাবনা নেই। বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে; উপযুক্ত সময় নির্ধারণ এবং অংশগ্রহণকারী দলগুলোর বাছাই প্রক্রিয়া।
বিশেষ গুরুত্ব পাচ্ছে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ। তাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি অনুযায়ী আসরের সময় ঠিক করতে হবে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএ) নীতিগতভাবে আগ্রহ দেখালেও শক্তিশালী দল পাঠানোর বিষয় ভবিষ্যৎ সফর সূচির ওপর নির্ভর করছে। সেপ্টেম্বর থেকে ২০২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সূচি ব্যস্ত থাকায় এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) চূড়ান্ত হওয়ার পরই বিষয়টি নিশ্চিত হবে।
এদিকে, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে নতুন মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে অংশ নিতে পারে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। এই সিরিজ আগামী আগস্টে হতে পারে এবং আফ্রিকা কাপের প্রস্তুতিমূলক আসর হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে এটি ওয়ানডে সংস্করণেও আয়োজন করা হতে পারে, বিশেষ করে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য।
উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। যা আফ্রিকার ক্রিকেটে আন্তর্জাতিক স্বীকৃতির আরও এক ধাপ হিসেবে কাজ করবে।