সৌদি প্রো লিগে আরেকটি জয়, কিন্তু এই জয়টা শুধু তিন পয়েন্টের নয়, এটা যেন ইতিহাসের দরজায় কড়া নাড়ার গল্প। ঘরের মাঠে আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর, আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিস্টয়ানো রোনালদো।
ম্যাচটা শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় পরিপূর্ণ ছিল। তবে আক্রমণের ঝলক তেমন একটা দেখা যাচ্ছিল না। দুই দলই যেন একে অন্যকে পরখ করছিল, ভুলের অপেক্ষায় ছিল। সময় গড়াচ্ছিল, কিন্তু গোলের দেখা মিলছিল না। তখনই মঞ্চে আবির্ভাব রোনালদোর।
৭৬ মিনিটে জোয়াও ফেলিক্সের ইনসুইং কর্নার থেকে ভেসে আসা বলের দিকে সবার আগে লাফিয়ে উঠলেন তিনি। আকাশে যেন কিছুক্ষণ স্থির থেকে নিখুঁত এক হেডে বল জড়িয়ে দিলেন জালে। সেই এক মুহূর্তেই বদলে গেল ম্যাচের চিত্র, গ্যালারিতে শুরু হলো উল্লাসের বিস্ফোরণ।
এরপর আল আহলি মরিয়া হয়ে উঠলেও শেষ রক্ষা হয়নি। ৯০তম মিনিটে তাদের আরেকটি কর্নার ক্লিয়ার করতে ব্যর্থতা, আর সেই সুযোগে কিংসলে কোমানের জোরালো শটে নিশ্চিত হয়ে যায় আল নাসরের জয়।
এই জয়ের মধ্য দিয়ে টানা ২০তম ম্যাচে জয় তুলে নিয়ে ৭৯ পয়েন্টে পৌঁছেছে আল নাসর, শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। অন্যদিকে আল আহলি রয়ে গেছে তৃতীয় স্থানে।
তবে এই ম্যাচের আসল গল্প লুকিয়ে আছে একটি সংখ্যায়, ৯৭১। এই গোলের মাধ্যমে ক্লাব ও দেশের হয়ে রোনালদোর মোট গোল এখন ৯৭১। হাজার গোলের সেই অবিশ্বাস্য মাইলফলক এখন আর স্বপ্ন নয়, বরং হাতছানি দেওয়া বাস্তবতা।
হোর্হে জেসুসের অধীনে সৌদি আরবে এটি তার চতুর্থ মৌসুম,এবং রোনালদো আল-নাসরের হয়ে তার প্রথম ঘরোয়া লিগ শিরোপার সন্ধানে রয়েছেন। ক্লাবটিও গাম্বা ওসাকার বিপক্ষে একটি মহাদেশীয় ফাইনালসহ একাধিক ফ্রন্টে প্রতিযোগিতায় টিকে আছে।
সবচেয়ে অবাক করা বিষয়, বয়স যেন তার জন্য শুধু একটি সংখ্যা। লিগে এটি তার ২৫তম গোল, টানা তিন মৌসুম ধরে অন্তত ২৫টি গোল করার ধারাও বজায় রাখলেন। একসময় ইউরোপ কাঁপানো সেই ফর্ম এখনও অটুট।