মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ সময়েই রিয়াল মাদ্রিদের ভেতরের পরিবেশ নিয়ে বাড়ছে আলোচনা। মাঠের পারফরম্যান্সে হতাশার মাঝেই এবার ড্রেসিংরুমের অস্থিরতার খবর সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুশীলনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনি।
জানা গেছে, একটি সাধারণ ফাউল থেকেই শুরু হয় উত্তেজনা। প্রথমে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। একপর্যায়ে ধাক্কাধাক্কি থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে সতীর্থরা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।
তবে উত্তেজনা শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না বলেও জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রেসিংরুমেও ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি বজায় ছিল। এতে করে দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগেও অনুশীলনে রিয়ালের আরেকটি ঘটনা নিয়ে আলোচনা হয়। অভিযোগ উঠেছিল, আন্তোনিও রুডিগার অনুশীলনের সময় আলভারো ক্যারেরাসকে চড় মেরেছিলেন। যদিও পরে ক্যারেরাস জানান, বিষয়টি মিটে গেছে। তারপরও সংবাদমাধ্যমগুলোর মতে, ক্লাবের ভেতরের চাপা উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি।
এমন অবস্থার মধ্যেই সামনে এল ক্লাসিকোর মতো বড় পরীক্ষা। আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শিরোপা দৌড়ে বার্সেলোনা অনেকটাই এগিয়ে থাকায় ম্যাচটির গুরুত্ব বেড়ে গেছে কয়েকগুণ।
দলের ভেতরের এই বিভেদ এখন রিয়ালের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। কারণ এমন বড় ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যে অস্থিরতা দলীয় পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, সব চাপ সামলে এল ক্লাসিকোতে ঘুরে দাঁড়াতে পারে কি না লস ব্লাঙ্কোসরা।