বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে স্পেন। দলের অন্যতম ভরসার নাম নিকো উইলিয়ামস আবারও ইনজুরিতে পড়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে এই চোট স্প্যানিশ শিবিরে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ।
অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই পেশিতে চোট পান নিকো। ব্যথা এতটাই তীব্র ছিল যে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মাঠ ছাড়ার সময় তার অস্বস্তিও ছিল চোখে পড়ার মতো।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, চলতি মৌসুমে আর মাঠে নামা নাও হতে পারে এই স্প্যানিশ উইঙ্গারের। পুরো মৌসুমজুড়েই ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। গত সেপ্টেম্বর থেকেই পিউবালজিয়ার সমস্যায় ভুগছিলেন নিকো। কয়েক সপ্তাহ আগে সুস্থ হয়ে ফিরলেও নতুন চোটে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ম্যাচ শেষে নিকোর ভাই পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাই জানিয়েছেন। তার ভাষায়, ‘নিকো এতটা ব্যথা আগে কখনো অনুভব করেনি।’ বিশ্বকাপের ঠিক আগে এমন খবর স্পেনের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
আগামী কয়েক দিনের মেডিকেল পরীক্ষার পরই পরিষ্কার হবে বিশ্বকাপে নিকোর খেলার সম্ভাবনা কতটা। এখন স্পেন ও অ্যাথলেটিক ক্লাবের সমর্থকেরা অপেক্ষা করছেন স্বস্তির কোনো খবরের জন্য।