উত্তর আমেরিকা বিশ্বকাপের আর মাত্র ২৭ দিন বাকি। কাতার জয়ের পর আর্জেন্টিনার লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা, অর্থাৎ ‘চতুর্থ’ ট্রফি। শিগগিরই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি। এর মাঝেই কনমেবল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপ মিশন, লিওনেল মেসির ভবিষ্যৎ এবং দলীয় মানসিকতা নিয়ে কথা বলেছেন।
বিশ্বকাপ ধরে রাখার সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ জেতা অত্যন্ত কঠিন। আমার মতে, চ্যাম্পিয়ন হতে হলে অনেকগুলো বিষয়ের নিখুঁত সংযোগ ঘটতে হয়, শুধু ভালো খেললেই কাপ জেতা যায় না। তবে আর্জেন্টিনা যখনই বিশ্বকাপে যায়, সর্বোচ্চ অর্জনের লক্ষ্য নিয়েই যায়। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়।’
মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মধ্যেও স্কালোনি খুব বেশি দূরে ভাবতে চান না। তিনি বলেন, ‘সে খেলা চালিয়ে যাবে, আমি এটাই ভাবতে পছন্দ করি। কারণ তা না হলে মনে এক ধরনের শূন্যতা ও দুঃখ চলে আসে, যেমনটা ডিয়েগোর অবসরের পর হয়েছিল। মেসির শেষ বিশ্বকাপ নিয়ে না ভেবে আমি বর্তমান উপভোগ করতে চাই।’
তিনি আরও স্মরণ করেন ম্যারাডোনা ও মেসিকে একসাথে দেখার একটি চ্যারিটি ম্যাচের অভিজ্ঞতা, যেখানে তিনি নিজেও ছিলেন সতীর্থ। সেই স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘আমি ড্রেসিংরুমে ঢুকে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে শুধু দেখছিলাম। কারণ আমার চারপাশে তখন পৃথিবীর সব কিংবদন্তিরা ছিলেন। ডিয়েগো, রোমান (রিকেলমে) এবং লিওর সাথে একই দলে খেলা ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা।’
চাপ সামলানোর বিষয়ে স্কালোনির দর্শন খুবই সরল। তিনি বলেন, ‘আমি ছেলেদের বলি, ম্যাচে যা-ই ঘটুক না কেন, পরদিন সকালে তোমাকে ঘুম থেকে উঠতেই হবে, অনুশীলন করতে হবে এবং মাঠে নামতে হবে। জয়-পরাজয় জীবন বদলে দেয় না। এই ভাবনাটাই খেলোয়াড়দের চাপমুক্ত রাখে।’
আগামী দিনে আর্জেন্টিনা ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ জর্ডান এবং অস্ট্রিয়া।