ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা খরা যেন কাটছেই না। এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ এর ফাইনালে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে আল নাসরকে। জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে হেরে আরও দীর্ঘ হলো রোনালদোর অপেক্ষা।
শনিবার রাতে রিয়াদের আলাওল পার্কে অনুষ্ঠিত ফাইনালে আল নাসরকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় গাম্বা ওসাকা। ম্যাচজুড়ে আল নাসর আক্রমণ চালালেও শেষ হাসি হাসে জাপানের ক্লাবটি। ২০০৮ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ জেতা গাম্বা ওসাকা এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ জেতা প্রথম জাপানি ক্লাব হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাও ছিল তাদের পক্ষে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ম্যাচের ২৯ মিনিটে। রিওতারো মেশিনোর পাস থেকে তোকুমা সুজুকি বল পৌঁছে দেন ইসাম জেবালির কাছে। পরে জেবালি বল বাড়ান ডেনিজ হুম্মেটকে। বক্সের ভেতরে একদম ফাঁকা জায়গায় থাকা হুম্মেট ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে এগিয়ে দেন গাম্বাকে।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে গাম্বা গোলরক্ষক আরাকি ছিলেন দুর্ভেদ্য। পুরো ম্যাচেই অনেকটা নিষ্প্রভ ছিলেন রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে হেডের একটি সুযোগ পেলেও বল পোস্টের পাশ দিয়ে চলে যায়। ম্যাচে আরও কয়েকটি সুযোগ নষ্ট করেন এই পর্তুগিজ তারকা।
সাদিও মানে ও জোয়াও ফেলিক্সও গোলের চেষ্টা করেছেন। মানের শট সাইডনেটে লাগে। ফেলিক্স দ্বিতীয়ার্ধে একবার পোস্টে বল মারেন, আরেকটি শট ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। আইমান ইয়াহিয়াও ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন।
শেষ পর্যন্ত আল-নাসরের সব চাপ সামলে নিজেদের জাল অক্ষত রাখে গাম্বা ওসাকা। এক গোলের লিড ধরে রেখে আরও একটি মহাদেশীয় শিরোপা ঘরে তোলে জাপানের ক্লাবটি। এই হারের ফলে আল-নাসরে যোগ দেওয়ার পরও বড় কোনো শিরোপা জেতা হলো না রোনালদোর। এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ ছিল তার সামনে বড় সুযোগ, সেটিও হাতছাড়া হলো।
তবে এখনো আশা শেষ হয়নি। সৌদি প্রো লিগ জয়ের সুযোগ রয়েছে আল-নাসরের সামনে। দলটি বর্তমানে লিগের শীর্ষে আছে। নিজেদের শেষ ম্যাচ জয়ের পাশাপাশি আল হিলাল পয়েন্ট হারালেই এশিয়ার মাটিতে প্রথম শিরোপা জিততে পারেন রোনালদো।