শেষ বিশ্বকাপ কি না, সেটি সময়ই বলবে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে এখনো স্বপ্ন জেগে আছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের প্রথম অনুশীলন সেশনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পর্তুগাল অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন রোনালদো। সেখানে দেখা যায়, সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে পর্তুগাল দলও এখন প্রস্তুতির শেষ ধাপে।
২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে একের পর এক আসরে দেশের জার্সিতে খেলেছেন রোনালদো। এবার তিনি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় সব বড় অর্জনই আছে তার নামের পাশে। কিন্তু বিশ্বকাপ শিরোপা এখনো অধরাই রয়ে গেছে।
এই অপূর্ণতাই এবার রোনালদোর বিশ্বকাপ যাত্রাকে আরও আবেগময় করে তুলেছে। বয়স ৪১ হলেও তার ফিটনেস, অনুশীলনের তীব্রতা এবং দলের সঙ্গে মানসিক উপস্থিতি এখনো ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।
বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে। ফিফার সূচি অনুযায়ী, ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।