ক্লাব ফুটবলে বর্ণাঢ্য অধ্যায়ে বিরতি দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন কার্লো আনচেলত্তি। তার অধীনে সেলেসাওরা ২৪ বছর পর বিশ্বশিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বুনছে। ফুটবলারদের কাছেও তিনি এখন শুধু কোচ নন, সম্মান ও প্রেরণার বড় জায়গা।
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে গতকাল বুধবার আনচেলত্তির ৬৭তম জন্মদিন পালন করেছে ব্রাজিলের খেলোয়াড়রা। ‘গার্ড অব অনারের’ ন্যায় কোচকে সম্মান জানালেও এ সময় বেশ সংযত ছিলেন ফুটবলাররা। মজা করে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া বলেন, ‘তিনি নিরাপদে এই জায়গা পার হয়েছেন, কেউ তাকে স্পর্শ করেনি।’
তবে কোচের জন্মদিনের আনন্দের মাঝেও আলোচনায় নেইমার। কেন তিনি উপস্থিত ছিলেন না, তা নিয়ে সতীর্থ বা কোচিং স্টাফের কেউ কথা বলেননি। মে মাসের মাঝামাঝিতে সান্তোসের ম্যাচে মাংসপেশির গ্রেড টু ইনজুরিতে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপ শুরুর আগে তার সেরে ওঠার আশাতেই নেইমারকে স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় আফ্রিকান জায়ান্ট মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। তবে এখনও জাতীয় দলের অনুশীলনে যোগ না দেওয়ায় নেইমার ম্যাচটি মিস করতে পারেন বলে উল্লেখ করেছে রয়টার্স। গ্রুপ পর্বের কোন ম্যাচে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ফিরতে পারেন, সেটিও নিশ্চিত নয়। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
নেইমারকে টুর্নামেন্টে নিয়মিত পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিলকে নিয়ে আশাবাদী ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো। বর্তমানে ইএসপিএনের ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই ফুটবলার বলেন, ‘ব্রাজিল শীর্ষ ফেভারিট নয়, তবে তাদের খুব ভালো খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল হয়ে ওঠে। আমার মতে ভালো সুযোগ আছে তাদের।’
আনচেলত্তির ওপর ভরসা রাখছেন ব্রাজিলের জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাকও। তিনি বলেন, ‘তার অধীনে এমন এক দল আছে, যাদের রক্ষণ থাকবে প্রতিপক্ষের কার্যকলাপ অনুযায়ী এবং বল পেলেই দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। এটি তরুণ একটি দল, যাদের শারীরিক অবস্থা ভালো এবং একজন দুর্দান্ত কোচ আছেন। আমি ব্রাজিলকে ফেভারিটদের তালিকায় রাখব।’
বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে তাই একসঙ্গে আছে উচ্ছ্বাস ও অপেক্ষা। আনচেলত্তিকে ঘিরে নতুন স্বপ্ন, তরুণ দলকে নিয়ে আত্মবিশ্বাস; সবই আছে। কিন্তু নেইমারের ফিটনেস প্রশ্নে এখনও অস্বস্তি কাটেনি সেলেসাওদের।