চলতি সপ্তাহের শুরুর দিকে ওমান উপকূলে মার্কিন বাহিনীর হামলায় আক্রান্ত জাহাজের নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। দেশটির নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ঘটনাকে ‘মর্মান্তিক ক্ষতি’ উল্লেখ করে মন্ত্রী জানান, নিখোঁজ থাকা তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া এমটি সেত্তেবেলো নামের পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয়। বাকিদের দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রাশিয়ান।
হামলার পর প্রাথমিকভাবে জানানো হয়েছিল, জাহাজটি থেকে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও তিন ক্রু নিখোঁজ রয়েছেন।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘পালাউয়ের পতাকাবাহী এমটি সেত্তেবেলো জাহাজের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রথমে নিখোঁজ বলে জানানো তিন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার ও শনাক্ত করার পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
সর্বানন্দ বলেন, ‘আমাদের নৌ-পরিবারের জন্য এটি মর্মান্তিক ক্ষতি। এই কঠিন সময়ে মোদি সরকার শোকার্ত পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং তাদের স্বজনদের সব ধরনের সহায়তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
‘আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি, যাতে উদ্ধার হওয়া নাবিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।’
হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে সর্বশেষ এ হতাহতের ঘটনা ঘটল এমন সময়ে, যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটি ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা কালো তালিকাভুক্ত জাহাজের তালিকায় এমটি সেত্তেবেলোর নাম ছিল না বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।