বিশ্বকাপ জয়ের লক্ষ্য সামনে রেখে নতুন অভিযানে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে এবার আরও সংগঠিত ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপার লড়াই শুরু করতে যাচ্ছে ইউরোপের এই শক্তিশালী দল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও দলের আক্রমণভাগের প্রধান ভরসা তিনিই। বয়স বাড়লেও গোল করার ক্ষুধা ও ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা এখনো অটুট এই কিংবদন্তির।
কোচ রবার্তো মার্তিনেজের পরিকল্পনায় গোলপোস্টের দায়িত্বে থাকবেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেসকে নিয়ে গড়া শক্তিশালী ব্যাকলাইন।
মধ্যমাঠে খেলাটির নিয়ন্ত্রণ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের হাতে। বিশেষ করে ভিতিনিয়া ও নেভেসের দায়িত্ব থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রেখে দলের গতি নিয়ন্ত্রণ করা।
আক্রমণভাগে দুই প্রান্তে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতোকে। মাঝখানে গোলের মূল দায়িত্ব থাকবে রোনালদোর কাঁধে। তার অভিজ্ঞতা, অবস্থান বোধ ও গোল করার দক্ষতাই পর্তুগালের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।