রেকর্ড গড়া পারফরম্যান্স, সমালোচনার জবাব আর পর্তুগালের দাপুটে প্রত্যাবর্তন। সব মিলিয়ে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আলোচনার কেন্দ্র যখন ধীরে ধীরে লিওনেল মেসির দিকে ঘুরে গেল, তখনই বদলে গেল তার অভিব্যক্তি ও কথার ভঙ্গি।
বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক। এই পারফরম্যান্সে শুধু দলকে জেতানোই নয়, নিজের নামের পাশে যোগ করেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডও।
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সহজ সুযোগ নষ্ট করায় তিনি সমালোচনার মুখে
পড়েছিলেন। তবে হিউস্টনের এই ম্যাচে সেই সমালোচনার জবাব দিয়েছেন পুরোপুরি মাঠের পারফরম্যান্স দিয়ে।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে তিনি বনে যান ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন। এরপর প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করে পর্তুগালের হয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা নিয়ে যান ১০-এ। এতে তিনি ভেঙে দেন কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের দীর্ঘদিনের রেকর্ড।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো মাঠের পাশের একটি ক্যামেরার সামনে চিৎকার করে বলেন, ‘আই অ্যাম ব্যাক’। অনেকের মতে, এটি ছিল প্রথম ম্যাচের পর তার ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নের সরাসরি জবাব।
পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সপ্তাহটা খুব কঠিন ছিল। মনে হচ্ছিল অনেকে আমাকে অবসরে পাঠিয়ে দিতে চায়। কিন্তু আমি নিজের পরিশ্রমে বিশ্বাস করি এবং কখনো হাল ছাড়িনি।’
‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যের ব্যাখ্যায় তিনি আরও যোগ করেন, ‘মানুষ যেন ভুলে না যায় আমি কে, সে কারণেই কথাটা বলেছি।’
তবে সাক্ষাৎকারের একপর্যায়ে স্প্যানিশভাষী এক সাংবাদিক লিওনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতে চাইলে রোনালদো প্রশ্ন শেষ করার সুযোগ না দিয়ে মুখ ঘুরিয়ে অন্য সাংবাদিককে প্রশ্ন করার ইঙ্গিত দেন।
কিছুক্ষণ পর আরেক সাংবাদিক একই প্রসঙ্গে প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, ‘সেটা আপনার প্রশ্নের ওপর নির্ভর করছে। পছন্দ না হলে আমি উত্তর দেব না।’
বর্তমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা মেসি দুই ম্যাচে পাঁচ গোল করে আলোচনায় থাকলেও, এই জয়োৎসবের রাতে তাকে নিয়ে আলাদা করে কথা বলতে আগ্রহী ছিলেন না রোনালদো। তবে ভবিষ্যতে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমনটা হলে অবশ্যই দারুণ হবে।’
উজবেকিস্তানের বিপক্ষে এই বড় জয়ে ‘কে’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে পর্তুগাল। এখন তাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা করে নিতে পারবে রবার্তো মার্তিনেজের দল।