বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। জয় পেলেও নিজের দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনার ভুল-ত্রুটিগুলো নিজেই তুলে ধরেছেন তিনি।
মেসির মতে, কেপ ভার্দে পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। তিনি বলেন, ‘এই দলটা দীর্ঘদিন ধরেই এটা প্রমাণ করে আসছে, এরা লড়ে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস পেয়েছি, কিন্তু ঠিকঠাক গোলে রূপান্তর করতে পারছিলাম না। এই ধরনের ম্যাচে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভালো হেডার আছে, এমন সব খেলোয়াড় আছে যারা বাতাসে ভেসে আসা বলে বেশ পারদর্শী।’
নিজেদের খেলার সমালোচনা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমরা ওদের ওপর ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না। মাঝে মাঝে রক্ষণাত্মক জায়গা থেকে যখন আমরা সেন্ট্রাল ব্যাকের ওপর চড়াও হতে চাচ্ছিলাম, তখন দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়ে যাচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা অগোছালো ছিলাম, ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল কারণ আমরা ওদের সাথে টেক্কা দিতে পারছিলাম না। ওদের পায়ে বল ছিল না, তাও ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল কারণ আমরা ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না।’
ম্যাচটি কঠিন হবে, সেটি আগে থেকেই অনুমান করেছিলেন বলে জানান মেসি। তার ভাষায়, ‘জানতাম ম্যাচটা সহজ হবে না। কারণ আছে, এই দল স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করে ফেলেছিলাম। অর্থাৎ প্রথম গোলটা করেছিলাম এবং আমরা ভেবেছিলাম যে, এর ফলে আমরা খেলার ছন্দে ফিরব। কিন্তু ঘটল ঠিক তার উল্টো। আমরা বলের দখল হারালাম, রক্ষণাত্মক হয়ে পড়লাম, কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারলাম না।’
কঠিন লড়াইয়ের পর জয় পেলেও শেষ ষোলোর আগে নিজেদের আরও উন্নতির প্রয়োজন রয়েছে, মেসির কথায় সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।