মাঠে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। টুর্নামেন্ট শেষে ৪১ বছর বয়সী এই তারকা জানিয়ে দিয়েছেন, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এবার দুঃসংবাদ এসেছে তার ক্লাব আল নাসর থেকেও।
সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসর তীব্র আর্থিক সংকটে পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ। তারল্য সংকটের কারণে ক্লাবটি প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড়ের জুন মাসের পুরো বেতন পরিশোধ করতে পারেনি। নতুন মৌসুমের আগে দলবদলের কার্যক্রমও আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের দৈনন্দিন কার্যক্রমেও নগদ অর্থের সংকটের প্রভাব পড়েছে। মূল দলের কয়েকজন ফুটবলার জুন মাসের বেতনের কেবল একটি অংশ পেয়েছেন। বাকি অর্থ পরিশোধে ক্লাব কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বছরে ২১ কোটি ডলারের বেশি পারিশ্রমিক নিয়ে তিনি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। রোনালদোকে দলে আনার পর খেলোয়াড় কেনা ও অবকাঠামো উন্নয়নেও বড় অঙ্কের বিনিয়োগ করেছিল আল নাসর। তবে হঠাৎ কেন এই আর্থিক সংকট তৈরি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এই সংকটের প্রভাব পড়েছে দলবদলেও। নতুন খেলোয়াড় দলে নেওয়ার সব ধরনের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এরই মধ্যে ক্লাব ছেড়েছেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। তবে অর্থাভাবের কারণে তার বিকল্প খোঁজার কাজও এগোচ্ছে না।
নতুন মৌসুমে আল নাসরের দায়িত্ব নিয়েছেন কোচ আগনে পোস্কেকোগলু। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট; এই চারটি প্রতিযোগিতা সামনে রেখে দল গঠনের কাজ শুরুর আগেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।