বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে কিছুটা দুশ্চিন্তা। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো নিউ জার্সিতে দলের প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে না করে আলাদাভাবে অনুশীলন করেছেন। রোববার দিবাগত রাতে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তারা শুরু থেকে খেলতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে যথাক্রমে ৯০ ও ৮৪ মিনিট খেলার পর দুজনই অতিরিক্ত ক্লান্তি ও হালকা শারীরিক সমস্যায় ভুগছিলেন। টটেনহ্যামের ডিফেন্ডার পোরো পেশিতে অস্বস্তি অনুভব করায় ম্যাচের ৮৫তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, তার পেশিতে অতিরিক্ত চাপ পড়েছে এবং ফাইনালের আগে আরও পরীক্ষা করা হবে।
তবে ইএসপিএনের সূত্র জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং খেলোয়াড়দের শারীরিক চাপ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে। দুজনই ফাইনালে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
চলতি বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ ছাড়া সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন লামিন ইয়ামাল। মোট ৪৯৬ মিনিট মাঠে থাকা বার্সেলোনা তারকাকে নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার জানা মতে, লামিনের গুরুতর কোনো সমস্যা নেই। মেডিকেল স্টাফের সঙ্গে কথা বলেছি, সবকিছু ইতিবাচক।’
অন্যদিকে, সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে শুরুর একাদশে থাকা পেদ্রো পোরো ৪৪৪ মিনিট খেলেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলো ও ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোলও করেছেন তিনি।
রোববার দিবাগত রাতে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলবে স্পেন। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে স্বাস্থ্য সতর্কতা জারি থাকলেও, সপ্তাহ শেষের বৃষ্টিতে আবহাওয়া পরিষ্কার হয়ে ফাইনালের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।