ফুটবল বিশ্বকাপের ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে বরাবরই আলোচনায় থাকে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। গত চারটি বিশ্বকাপের ফলাফলও সঠিকভাবে অনুমান করেছিল তারা। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল প্রতিষ্ঠানটি।
আর এবারের সিমুলেশনে চ্যাম্পিয়ন হিসেবে তাদের কাছ থেকে এসেছে স্পেনের নাম। সিমুলেশন অনুযায়ী, বিশ্বকাপে এটি হবে স্পেনের দ্বিতীয় শিরোপা এবং ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ জয়।
চলতি সপ্তাহে স্পেন-ফ্রান্স ম্যাচের মধ্য দিয়ে সিমুলেশনটি বড় পরীক্ষার মুখে পড়ে। সেই পরীক্ষায়ও সফল হয়েছে ইএ। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৯ জুলাইয়ের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার।
২০০৬ সালের পর থেকে ইএ’র সিমুলেশন আর ভুল করেনি। অবশ্য ২০০৬ সালে চেক প্রজাতন্ত্রকে চ্যাম্পিয়ন দেখিয়েছিল তারা। সেবার ভবিষ্যদ্বাণী পুরোপুরি ভুল প্রমাণিত হয়, কারণ গ্রুপ পর্বই পেরোতে পারেনি চেক প্রজাতন্ত্র।
ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, এবারের সিমুলেশনে আরও বলা হয়েছে—স্পেনের ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হবেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকেই বিদায় নিতে পারে বলেও অনুমান করা হয়েছে।
ইএ স্পোর্টসের কাছে এখন আর ফিফার লাইসেন্স নেই। ফলে নতুন গেম ‘ইএ স্পোর্টস এফসি ২৬’-এ বিশ্বকাপের কোনো অফিসিয়াল ব্র্যান্ডিং দেখা যাচ্ছে না। তবে সম্প্রতি গেমটিতে ‘ওয়ার্ল্ডস গেম’ নামে একটি আপডেট এসেছে। এতে ৪৮ দলের একটি টুর্নামেন্ট মোড যোগ করা হয়েছে, যা আইনগতভাবে বিশ্বকাপ থেকে আলাদা হলেও কার্যত একই ধরনের।