আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য ভক্ত। ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্কালোনিকে ঘিরে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।
এর মাঝেই এক খুদে ভক্তের করা বিশেষ এক ‘চুক্তিপত্রে’ স্বাক্ষর করে আলোচনায় এসেছেন স্কালোনি। ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের ওই ভক্তের আঁকা নোটে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। ভক্তদের দেওয়া অন্যান্য জিনিসের মতো এটিতেও কোনো দ্বিধা ছাড়াই স্বাক্ষর করেন আর্জেন্টিনার কোচ।
শুধু স্কালোনির কাছেই থেমে থাকেনি সেই খুদে ভক্ত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার উদ্দেশেও একটি বার্তা পাঠিয়েছে সে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার প্রকাশ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তিনি জানিয়েছিলেন, বর্তমান চুক্তি অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর সিদ্ধান্ত নেবেন। তবে এএফএ সভাপতি তাপিয়া তাকে দায়িত্বে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি এক আবেগঘন বার্তায় তাপিয়া স্কালোনিকে উদ্দেশ করে বলেন, ‘আমি যদি আপনাকে বলি এখনও অনেক কিছু লেখা বাকি! কারণ ইতিহাস সবসময় আর্জেন্টিনা নিজেই লেখে। এই জার্সির ভরসা আপনার ওপর।’
এখন স্কালোনির সিদ্ধান্তের অপেক্ষায় আর্জেন্টাইন ফুটবল। তিনি যদি দায়িত্বে থেকে যান, তাহলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি বাড়তে পারে। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে চাপমুক্ত অবস্থায়।