বিশ্বকাপ ফাইনালে শিরোপা ধরে রাখতে না পারার কষ্ট এখনো ভুলতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজ শহর পুখাতো ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি লিখে সেই আক্ষেপই প্রকাশ করেছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। ইনস্টাগ্রামে স্কালোনি লিখেছেন, ‘আরেকটি বিশ্বকাপ আপনাদের এনে দিতে না পারার জন্য আমি দুঃখিত।’
চিঠিতে বিশ্বকাপ হারার পর নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। স্কালোনির ভাষায়, ‘দুঃখ আর আনন্দ এখন একসঙ্গে মিশে গেছে; একদিকে চোখের জল, অন্যদিকে এক চিলতে হাসি, বুকের ভেতর দারুণ যন্ত্রণা, অথচ এক অদ্ভুত স্থিরতা।’
নিজের খেলোয়াড়দের প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, স্ত্রীয়ের সঙ্গেও কথা বলার সময় দলের ফুটবলারদের ‘আমার যোদ্ধা’ বলেই সম্বোধন করেন।
বিশ্বকাপ চলাকালে দলকে ঘিরে হওয়া সমালোচনারও জবাব দিয়েছেন স্কালোনি। যারা দল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, ‘ঠান্ডা জলের তীব্র ঝাপটা সহ্য করতে হয়েছে (এমন মানুষদের কাছ থেকে, যারা আমাদের চেনেও না)।’ তার মতে, সব বাধা ও সমালোচনা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই দলের সবচেয়ে বড় অর্জন।
চিঠিতে টেকনিক্যাল স্টাফ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং পর্দার আড়ালে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান স্কালোনি। শেষ করেন একটি আবেগঘন বাক্যে, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি মহামূল্যবান ধন আছে।’
এদিকে এই চিঠির পর আবারও সামনে এসেছে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা দলের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যদিও এএফএ সভাপতি চিকি তাপিয়া তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চান, তবু ডিসেম্বরের পর স্কালোনি ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।