নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধাক্কা খেল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ ছোট ক্লাব মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। লা লিগা থেকে অবনমন হওয়া মায়োর্কার বিপক্ষে এমন হার ফুটবল অঙ্গনে চমক তৈরি করেছে।
বুধবার দিবাগত রাতে নিজেদের মাঠ সন মইশ স্টেডিয়ামে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। তবে সেই আধিপত্যকে কাজে লাগাতে পারেনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। উল্টো সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ভয়ঙ্কর রূপ ধারণ করে মায়োর্কা।
ম্যাচের ২১ মিনিটে জিতো লুভুম্বো গোল করে স্বাগতিকদের লিড উপহার দেন। প্রথমার্ধের ৪০ মিনিটে ইয়ান ভির্জিলি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৫১ মিনিটে অধিনায়ক আন্তোনিও রাইয়ো হেড থেকে তৃতীয় গোল করলে ম্যাচ পুরোপুরি মায়োর্কার নিয়ন্ত্রণে চলে যায়।
বল দখলে এগিয়ে থাকলেও পিএসজি তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মায়োর্কা চারটি বড় সুযোগ তৈরি করে, যার তিনটিই জালে জড়ায়। প্রাক-মৌসুমের ম্যাচ হলেও টানা দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির জন্য এটি নিঃসন্দেহে হতাশার ফল। তবে মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্রামে ছিলেন বলে লুইজ এনরিকের বেশি একটা চিন্তার কারণ নেই বললেই চলে।