শেষ মুহূর্তের নাটকীয়তায় চ্যাম্পিয়নস লিগে বড় ধাক্কা খেল পিএসজি। মঙ্গলবার রাতের লিসবন সফরে স্পোর্টিং সিপির কাছে ২-১ গোলে হেরে গেছে ফরাসি জায়ান্টরা। ম্যাচের নায়ক ছিলেন কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ, যিনি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে স্পোর্টিং সিপিকে স্মরণীয় জয় উপহার দিয়েছেন।
ম্যাচের ৯০ মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এর আগে ৭৯ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় খাভিচা কাবারেৎস্কেলিয়া।
ম্যাচে পিএসজি বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখলেও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে মার্কিনিওসের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ওয়ারেন জাইরে-এমেরির করা গোল ভিএআরে বাতিল হয়। সব মিলিয়ে পিএসজির তিনটি গোলই ভার-এর কারণে বাতিল হয়। এছাড়া, উসমান ডেম্বেলে একাধিক গোল মিস করেন।
৭৪ মিনিটে কর্নার থেকে প্রথম গোলটি নেন সুয়ারেজ। পিএসজির রক্ষণভাগের দুর্বল ক্লিয়ারেন্স এবং ডিফ্লেকশন কাজে লাগিয়ে কেবল একটি নয়, শেষ মুহূর্তে গ্যালারিকে মাতিয়ে আবারও তিনি আঘাত হানেন।
ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা আমাদের মৌসুমের সেরা অ্যাওয়ে ম্যাচ। পুরো ম্যাচে আমরা আধিপত্য দেখিয়েছি, কিন্তু ফুটবলে এমন ফলাফলও হয়।’