টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা এখন ক্রমশ বাড়ছে। আর সেই উত্তাপের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপ দলে এবার শান্তের জায়গা হয়নি, তবে বিপিএলে তিনি রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে মাঠে নামছেন। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে গেলেও, সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে প্রশ্নে শান্তের উত্তর স্পষ্ট—একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই তিনি এই টুর্নামেন্ট খেলতে চান।
এবার বিষয়টা আইসিসির হাতে। তারা দ্রুত সিদ্ধান্ত নেবে, তবে শান্তের মত এমন অভিজ্ঞ ক্রিকেটারের স্পষ্ট দিকনির্দেশনা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
শান্ত বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা সব সময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের টুর্নামেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।’
আইসিসির সঙ্গে সুরাহার পর বাংলাদেশ বিশ্বকাপ খেলুক সেটাই চান শান্ত, ‘এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। বিশ্বাস করি যে, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়, বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে সেটা অবশ্যই ভালো হবে। ভেতরের আসলে কী হচ্ছে না হচ্ছে, এ বিষয় আমি যেহেতু জানি না, মন্তব্য করা কঠিন। ক্রিকেটার হিসেবে তো অবশ্যই আমরা খেলতে চাই।’
মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। কয়েক দফা সংস্থাটিকে বুঝিয়ে এই অবস্থান থেকে সরাতে পারেনি আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও নিজেদের অবস্থানে অনড়। বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করতে চাই না আইসিসি। চলমান অচলাবস্থা কাটাতে আজ বোর্ড সভার আয়োজন করেছে সংস্থাটি। সেখানেই বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।