নিশ্চিত ভেন্যুর নাম না এলেও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল যে স্পেনেই হতে যাচ্ছে, এমন ইঙ্গিতই দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথ আয়োজনে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, আর নেতৃত্বের ভূমিকাও থাকবে দেশটির হাতে।
মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে লুসান জানান, বিশ্বকাপের কেন্দ্রবিন্দু হবে স্পেন এবং শিরোপা নির্ধারণী ম্যাচও এখানেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ফাইনাল কোন শহর বা স্টেডিয়ামে হবে, এই বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাননি তিনি।
ফাইনাল ভেন্যু নির্ধারণের দায়িত্ব ফিফার হাতে থাকলেও স্প্যানিশ গণমাধ্যমে জোর আলোচনা চলছে সম্ভাব্য স্টেডিয়াম নিয়ে। সংস্কার শেষে নতুন রূপ পাওয়া রিয়াল মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুকেই এগিয়ে রাখছেন অনেকে। আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ এই স্টেডিয়াম আন্তর্জাতিক বড় আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।
বার্সেলোনার ক্যাম্প ন্যুও দৌড়ে রয়েছে। দীর্ঘ সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখেরও বেশি, যা ইউরোপে সর্বোচ্চ। পুরোপুরি চালু হলে ফাইনাল আয়োজনের দাবিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে কাতালান শহরের এই স্টেডিয়ামটি।
এদিকে মরক্কোও ফাইনাল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল। নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়াম ২০২৮ সালে শেষ হলে ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার, যা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হতে যাচ্ছে। তবে সাম্প্রতিক আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খলার ঘটনায় দেশটির সম্ভাবনা কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ আসরে বিশেষ আয়োজনও থাকছে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে। উল্লেখ্য, ১৯৩০ সালে উরুগুয়েতেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ।
এর আগে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়েছে।