চ্যাম্পিয়নস লিগের ম্যাচ চলাকালীন মাঠের উত্তেজনার বাইরে ম্যানচেস্টার সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বড় ধাক্কা। বুধবার (২৮ জানুয়ারি) রাতে সিটি-গালাতাসারের ম্যাচ চলার সময় ইংল্যান্ডের চেশায়ারে অবস্থিত দিয়াজের বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
চোটের কারণে ম্যাচে অংশ নিতে না পারা দিয়াজ তখন ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সতীর্থদের খেলা উপভোগ করছিলেন। ম্যাচ শেষে বাসায় ফিরে তিনি দেখেন, শয়নকক্ষসহ পুরো বাড়ি তছনছ করা হয়েছে এবং বেশ কিছু মূল্যবান ব্যক্তিগত সামগ্রী খোয়া গেছে। এই ঘটনায় দিয়াজ ও তার বান্ধবী, ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মায়া জামা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।
চেশায়ার পুলিশের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়, বুধবার রাত ১১টা ১০ মিনিটের কিছু পর অ্যাল্ডারলি এজ এলাকার একটি আবাসিক বাড়িতে চুরির খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জোরপূর্বক বাড়িতে প্রবেশের স্পষ্ট আলামত দেখতে পায়। এরপরই তদন্ত শুরু করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, দুষ্কৃতকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির বিভিন্ন অংশে নিবিড়ভাবে তল্লাশি চালায়। তবে ঠিক কী পরিমাণ বা কী ধরনের মালামাল চুরি হয়েছে, সে বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি। অপরাধীদের শনাক্ত করতে বিশেষ একটি দল কাজ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ঘটনার সময় দিয়াজের বান্ধবী মায়া জামা দক্ষিণ আফ্রিকায় একটি টেলিভিশন শো এর সঞ্চালনায় ব্যস্ত ছিলেন। সম্প্রতি ম্যানচেস্টার সিটির ব্যস্ত এলাকা ছেড়ে চেশায়ারের নিরিবিলি পরিবেশে তারা একসঙ্গে নতুন এই বাড়িতে ওঠেন। শান্ত ও নিরাপদ ভেবে জায়গাটি বেছে নিলেও এমন ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
দ্য সান-এর এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ব্যক্তিগত পরিসরে এমন অনুপ্রবেশে তারা দুজনই চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন। বাড়িটির নির্জন পরিবেশই একসময় তাদের কাছে বড় আকর্ষণ ছিল, তবে এখন সেটিই যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে দিয়াজকে। তার অনুপস্থিতিতেও গালাতাসারেকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই সাফল্যের আনন্দ ব্যক্তিগত এই দুঃসংবাদে অনেকটাই ম্লান হয়ে গেছে।
ইংল্যান্ডে শীর্ষ ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা নতুন নয়। অতীতেও একাধিক তারকা ফুটবলারের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাদের বাসভবনে হানা দিয়েছে পেশাদার চোরচক্র। এবারের ঘটনাটিও সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।