টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। তার মতে, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই এবং এটি শুধুই দম্ভ প্রদর্শনের চেষ্টা।
রোববার পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানিয়ে দেয়। এ সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা আর সমালোচনা।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার ভান করছে। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটা পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।’
হারভাজানের অভিযোগ, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?’
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি।