বাংলাদেশকে সমর্থনের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সেই বিষয়টি স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বলা দুটি কোটসও তুলে ধরেন তিনি।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেটসংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। সে কারণেই বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত।’
আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ অবস্থান নিয়েছে পাকিস্তান বলে জানান শাহবাজ শরিফ। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।