মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউজে সাক্ষাৎ করা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ করে প্রকাশ্যে বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে ট্রাম্প রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে আসার আহ্বান জানান।
ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একই পোস্টে এআই দিয়ে তৈরি একটি ভিডিও যুক্ত করা হয়, যেখানে ওভাল অফিসে ট্রাম্প ও রোনালদোকে ফুটবল খেলতে দেখা যায়।
এই বার্তাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। কেন রোনালদোকে যুক্তরাষ্ট্রে ডাকছেন ট্রাম্প! তা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এর দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে; সেই প্রেক্ষাপটে আমন্ত্রণ হতে পারে এটি। দ্বিতীয়ত, বর্তমানে আল নাসরে খেলা রোনালদোকে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার ইঙ্গিতও থাকতে পারে।
এর আগে নভেম্বরে হোয়াইট হাউজে সাক্ষাতের বিষয়টি ইনস্টাগ্রামে জানান রোনালদো। সেখানে তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও ট্রাম্পের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন তিনি। পোস্টে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ জানান রোনালদো এবং নতুন প্রজন্মকে সাহস ও দায়িত্বশীলতার বার্তা দেওয়ার কথা উল্লেখ করেন।
৪১ বছর বয়সী এই তারকা বর্তমানে পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের লক্ষ্যে ছুটছেন। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪! মাইলফলক থেকে মাত্র ৩৬ গোল দূরে অবস্থান করছেন তিনি।