ইসরায়েলের সামরিক বাহিনী রোববার (৮ মার্চ) এক সতর্কবার্তায় জানিয়েছে, তারা ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি এবং যারা তাকে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে, তাদের সবাইকে লক্ষ্যবস্তু করবে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, তেহরান তাদের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের খুব কাছাকাছি রয়েছে।
এনিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কবার্তায় বলেছে, ‘স্বৈরাচারী খামেনির পতনের পর ইরানের সন্ত্রাসী গোষ্ঠীটি আবারও সংগঠিত হওয়ার এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের চেষ্টা করছে। আমরা জোর দিয়ে বলতে চাই, ইসরায়েল রাষ্ট্র এই উত্তরসূরি এবং যারা তাকে নিযুক্ত করার চেষ্টা করছে, তাদের পিছু নেওয়া অব্যাহত রাখবে।’
খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় যারা অংশ নিচ্ছেন, তাদের সতর্ক করে আইডিএফ বলে, ‘আপনাদের লক্ষ্যবস্তু করতেও আমরা দ্বিধা করব না। আপনাদের আগেই সতর্ক করা হলো।’
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজের কার্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন খামেনি।
তথ্যসূত্র: সিএনএন