ইরানের তেল যুক্তরাষ্ট্র নিয়ে নিতে পারে এবং তাদের তেলের বড় হাব খারগ দ্বীপও দখল করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।
অন্যদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এ সময় তিনি বলেন, সরকার পরিবর্তন হয়েছে। কারণ আগের সরকার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তাদের নেতারা মারা গেছেন। নতুন যারা এসেছে্ন, তাদের অনেকে মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘এখন একেবারে ভিন্ন ধরনের লোকজন পরিস্থিতি সামলাচ্ছে। আমি এটাকেই সরকার পরিবর্তন মনে করি। সত্যি বলতে, তারা বেশ যুক্তিসঙ্গত আচরণ করেছে। সুতরাং আমি মনে করি আমরা ইতোমধ্যে সরকার পরিবর্তন করেছি। এর চেয়ে বেশি আর কী করা যায়।’
ট্রাম্প দাবি করেন, ‘যে সরকারটা খুব খারাপ ছিল, সেটা শেষ হয়ে গেছে। দ্বিতীয় দলও প্রায় নেই। তারা সবাই মারা গেছে, শুধু একজন হয়তো বেঁচে আছেন।’
এর আগে গত সপ্তাহে ফক্স নিউজকে তিনি বলেছিলেন, ‘আপনি বলতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে, কারণ তাদের (আগের নেতাদের) হত্যা করা হয়েছে।’
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করবে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা তাদের সঙ্গে চুক্তি করব, তবে না-ও হতে পারে। ইরানের ব্যাপারে কিছুই নিশ্চিত না। আমরা তাদের সঙ্গে আলোচনা করি, আবার পরে হামলাও করতে হয়।’
‘যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খারগ দ্বীপ নিতে পারে’
ডোনাল্ড ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসকে আরও জানিয়েছেন, তিনি চাইলে ইরানের তেল দখল করতে পারেন এবং দেশটির বড় তেল কেন্দ্র খারগ দ্বীপও দখল করতে পারেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি ইরানের তেল নিয়ে নিতে চাই। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু লোক বলে—এটা কেন করছি। তারা বোকা।’
ট্রাম্প খারগ দ্বীপ দখল করা হতে পারে বলেও ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের অনেক বিকল্প আছে। তবে নিলে কিছুদিন সেখানে থাকতে হবে। আমার মনে হয় তাদের তেমন কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই দখল করতে পারব।’
এদিকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। কারণ পরিস্থিতি আরও খারাপ হলে মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কা আছে।
ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে দ্রুত যুদ্ধবিরতি হবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, ‘একটি চুক্তি দ্রুতই হতে পারে।’
কেন খারগ দ্বীপ দখলের চিন্তা
যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে নজর দিয়েছে, কারণ এটি ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল, যা ইরানের অর্থনীতির লাইফ লাইন। দ্বীপটি দখল করলে শুধু ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না, বরং সেখান থেকে ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর সুযোগও পাওয়া যাবে।
বিবিসির সিকিউরিটি ব্রিফের নিরাপত্তা বিশ্লেষক মিকি কে বলেন, দ্বীপটি দখল করলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের প্রধান একটি আয়ের উৎস বিচ্ছিন্ন হয়ে যাবে, যা তাদের যুদ্ধ চালানোর ক্ষমতাকেও প্রভাবিত করবে।
স্কুল অব ওয়ার পডকাস্টের উপস্থাপক ও সিবিএসের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, দ্বীপটি দখলের জন্য যেকোনো মার্কিন অভিযান তুলনামূলকভাবে ছোট হবে, কিন্তু এটি হবে চ্যালেঞ্জিং।
এদিকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির পূর্বাঞ্চলের দিকে আসা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তার বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরানের হামলায় কুয়েতে একজন ভারতীয় কর্মী মারা গেছেন এবং সেখানকার বিদ্যুৎ ও পানি সরবরাহে ক্ষতি হয়েছে। একটি বিদ্যুৎ ও পানি পরিশোধনাগারে ইরান হামলা করেছিল।
কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় প্রতিষ্ঠানটিতে ‘গুরুত্বপূর্ণ ক্ষতি’ হয়েছে এবং ‘জরুরি সেবাগুলো চালু রাখার জন্য’ কারিগরি দল কাজ করছে।
পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানে পাম সানডে উপলক্ষে কথা বলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে জড়িত নেতাদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘যারা যুদ্ধ শুরু করে এবং যাদের হাত রক্তে ভরা, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি দক্ষিণ লেবাননে ‘সিকিউরিটি জোন’ আরও বড় করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।