যুদ্ধ শেষ হলেও লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখলে রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, “বর্তমান সংঘাত শেষ হওয়ার পরও ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে একটি স্থায়ী ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তুলবে, যা লিতানি নদী পর্যন্ত বিস্তৃত থাকবে।”
তিনি আরও জানান, এই অঞ্চলে বসবাসকারী বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের ফিরতে দেওয়া হবে না।
এছাড়া সীমান্তসংলগ্ন লেবাননের গ্রামগুলোতে থাকা সব ঘরবাড়ি ভেঙে ফেলার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে গাজায় পরিচালিত অভিযানের ধাঁচ অনুসরণ করা হবে বলে উল্লেখ করেন।
কাটজের ভাষ্য অনুযায়ী, রাফাহ ও বেইত হানুন-এ যেভাবে অভিযান চালানো হয়েছে, সেই মডেলেই লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যবস্থা নেওয়া হবে।
এই পরিকল্পনা প্রকাশের পর অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ বাড়ছে।