ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা ‘মেনে নেওয়া হবে না’।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে সিএনএন।
রেজায়ি বলেন, ‘যদি এই অবরোধ অব্যাহত থাকে, তাহলে ইরান তার মোক্ষম জবাব দেবে। প্রকৃতপক্ষে এই অবরোধ কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তারা এটি কার্যকর করতেও সক্ষম হয়নি। ভারত মহাসাগর অনেক বড়। আমরা খুব সহজেই এটি পাড়ি দিতে পারি, যা আমরা এরই মধ্যে করেও দেখিয়েছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বন্দরগুলোর ওপর অবরোধের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই এই হুঁশিয়ারি দিলেন রেজায়ি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে পাল্টা নৌ-অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র, যা এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলে।
এদিকে গত ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন আমলে না নিতে এদিন দেশবাসীর প্রতি আহ্বান জানান তার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা।
আইআরআইবির তথ্যমতে রেজায়ি বলেন, ‘সর্বোচ্চ নেতা তরুণ, সুস্থ এবং উদ্যমী। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন।’