মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালিতে অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, তারা ‘খুব শিগগিরই’ এমন এক নতুন যুদ্ধাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে, যা শত্রুদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের সামরিক কর্মকর্তা শাহরাম ইরানি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র খুব শিগগিরই শত্রুবাহিনীর সামনে এমন এক অস্ত্র নিয়ে হাজির হবে, যা তারা অনেক ভয় পায়। এটি তাদের (শত্রুদের) একদম পাশেই রয়েছে। আশা করি, তাদের যেন হার্ট অ্যাটাক না হয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই এই হুঁশিয়ারি এলো।
ইরান প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ তুলে নেয়, তাহলে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখবে।
এই বিষয়ে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ‘বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ কিছুটা বেশি কার্যকর। এটি তাদের জন্য আরও খারাপ হতে যাচ্ছে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে পারে না।’
এর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষ ‘ভুল হিসাব’ করছে উল্লেখ করে শাহরাম ইরানি বলেন, ‘তারা (শত্রুরা) বিশ্বাস করেছিল, চাপের মুখে রাখলে খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। তাদের এই ধারণা এখন সামরিক একাডেমিগুলোতে কৌতুক হিসেবে গণ্য হচ্ছে।’
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরানের পাল্টা পদক্ষেপের বর্ণনা দিয়ে এই কমান্ডার দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে ‘সাতটি ক্ষেপণাস্ত্র অভিযান’ চালিয়েছে। এতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ওই রণতরি থেকে কোনো বিমান উড্ডয়ন বা আকাশপথে অভিযান পরিচালনা করতে পারেনি।
শাহরাম ইরানি আরও দাবি করেন, পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ইরান কমপক্ষে ১০০ বার পাল্টা হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া