কয়েকদিনের নাটকীয়তার পর অবশেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। এর আগে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। পরে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১১৮ আসন) নিশ্চিত করতে টানা পাঁচ দিন ধরে চলে জোর তৎপরতা।
সরকার গঠনের লক্ষ্যে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর-এর সঙ্গে চার দফা বৈঠক করেন বিজয়। শনিবার গভর্নরের কাছে তিনি সংখ্যাগরিষ্ঠতার দাবি জানান। এ সময় তার প্রতি সমর্থন ঘোষণা করে কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাটিচির (ভিসিকে) দুইজন, ভারতীয় কম্যুনিস্ট পার্টির (সিপিআই) দুইজন, ভারতীয় কম্যুনিস্ট পার্টি (মার্ক্সিস্ট)-এর (সিপিআই-এম)-এর দুইজন ও ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) দুইজন বিধায়ক।
তবে বিজয় দুইটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে তাকে। এরপরও জোটের মোট আসন সংখ্যা দাঁড়াবে ১২০, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে বেশি।
বিজয়ের শপথ গ্রহণের ফলে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে প্রথমবারের মতো দ্রাভিদ মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) ও সর্বভারতীয় আন্না দ্রাভিদ মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর বাইরে অন্য কোনো দল সরকার গঠন করলো।
তথ্যসূত্র: এনডিটিভি