তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি নির্দেশনাতেই বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী অভিযান ও নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয়।
রোববার (১০ মে) শপথ অনুষ্ঠানে তিনি তার আবেগঘন বক্তৃতার শুরুতেই তামিল ভাষায় বলেন, ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (যারা আমার হৃদয়ে বাস করেন)। অতীতে বিজয় তার ভক্তদের সম্বোধন করতে এই শব্দবন্ধটি প্রায়ই ব্যবহার করতেন।
এনডিটিভি জানিয়েছে, টিভিকে প্রধান বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম আদেশে তামিলনাড়ুর জনগণকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মাদক মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে একটি বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর ঘোষণা দেন।
বিজয় বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক বিষয়গুলোতে পূর্ণ মনোযোগ দেওয়া হবে। কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ দেখা হবে। সবার ভালো হবে।’
চলচ্চিত্র অঙ্গন থেকে রাজনীতিতে আসা টিভিকে প্রধান এদিন জনগণের উদ্দেশে বলেন, ‘সিনেমার একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি। কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি। অনেকে আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলের মতো, ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে জায়গা দিয়েছেন এবং গ্রহণ করেছেন।’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না বলেও এসময় আশ্বাস দেন বিজয়।
তিনি বলেন, ‘ডিএমকে রাজ্যের কোষাগার শূন্য করে দিয়ে গেছে। আমরা ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি (২০২৭ সালের মার্চ পর্যন্ত প্রাক্কলিত হিসাব)। আমরা জনগণের তহবিল থেকে একটি পয়সাও নেব না। কাউকে রাজ্য লুট করতে দেব না।’
শপথ অনুষ্ঠানে ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগের’ প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রবীণ চক্রবর্তী, বামপন্থী নেতা এম এ বেবিসহ সব মিত্রকে ধন্যবাদ জানান বিজয়।
তামিলনাড়ুর এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও ২৩৪ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তারা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা চলছিল।
কংগ্রেস, সিপিআই, সিপিআইএম ও ভিসিকের সমর্থনে পরে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে টিভিকে। এরই পরিপ্রেক্ষিতে আজ বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো।