মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারতজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির এই সময়ে মোদির আবুধাবি সফরের মূল লক্ষ্য ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করা।
মোদির এই সংক্ষিপ্ত সফরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও কৌশলগত পেট্রোলিয়াম মজুত সংক্রান্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এছাড়া একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের কাঠামোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি গুজরাটের দ্বারকা জেলার ভাদিনার শহরে একটি জাহাজ মেরামত কেন্দ্র স্থাপনের বিষয়েও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
একই সঙ্গে ভারতের অবকাঠামো খাতসহ আরবিএল ব্যাংক এবং সম্মান ক্যাপিটালে ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
এই চুক্তিগুলো উপসাগরীয় অঞ্চলে ভারতের অন্যতম প্রধান অংশীদার আবুধাবির সঙ্গে নয়াদিল্লির কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
সফরকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে আরব আমিরাতের ওপর তেহরানের হামলার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী মোদি।
এনডিটিভি জানিয়েছে, আরব আমিরাত ভারতের তৃতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং গত ২৫ বছরে দেশটিতে বিনিয়োগের ক্ষেত্রে সপ্তম বৃহৎ উৎস। আমিরাতে প্রায় ৪৫ লাখ ভারতীয় বসবাস করেন।
প্রধানমন্ত্রীর এই সফর প্রবাসী ভারতীয়দের কল্যাণ নিয়ে আলোচনার একটি বিশেষ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।