ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় সেখানকার জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।
এ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ইরানের অন্যান্য অঞ্চলের মানুষকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন মোগিমি আজ শুক্রবার বার্তা সংস্থা তাসনিম নিউজকে জানান, দক্ষিণ ইরানের বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলার পর বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়।
এতে ওই শহর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা সম্ভব হলেও ইরানের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের স্বস্তি দিতে দেশের অন্যান্য অংশের নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হোসেইন মোগিমি বলেন, ‘যদি সম্ভব হয়, দেশের প্রতিটি নাগরিক যদি বিদ্যুৎ ব্যবহারের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ার), যা সাধারণত সকাল ১০-১১টা থেকে বিকেল ৪-৫টা এবং বিশেষ করে সন্ধ্যার সময়, মাত্র এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখেন, তাহলে আমরা দক্ষিণাঞ্চলে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ করতে পারব।
‘শত্রুভাবাপন্ন দেশের হামলায় ওই অঞ্চলের অবকাঠামো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি সেখানকার তাপমাত্রাও তুলনামূলকভাবে অনেক বেশি।’
সম্প্রতি দক্ষিণ ইরানের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।