ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ১০ জন। আহত হয়েছে অনেকে।
আল জাজিরা আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ শহর সিরিকে টানা কয়েক রাত ধরে মার্কিন বিমান হামলা চলছে।
একই ধরনের হামলার খবর পাওয়া গেছে দক্ষিণের বন্দর নগরী বুশেহর থেকেও। এছাড়া খামির বন্দরের কাছে দুটি সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় অন্তত দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
এদিকে ইরানের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের আল্লাহু আকবর এলাকাতেও মার্কিন বাহিনী অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেখানকার একটি আবাসিক এলাকায় চালানো হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
বন্দর আব্বাসের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোও হামলার শিকার হয়েছে। এতে দুজন আহত হয়েছেন।
এছাড়া ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানশাহ শহরের বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দর-ই খামির সেতুতে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।
ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণের চাবাহারের মেরিটাইম কন্ট্রোল টাওয়ারে (নৌ নজরদারি কেন্দ্র) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে গত এক সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনায় তৃতীয়বারের মতো হামলা চালানো হলো।