ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি স্কুলের বাসকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।
এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় কর্ণসুবর্ণ রেল ক্রসিং পার হওয়ার সময় শিক্ষার্থী বোঝাই ওই বাসটিকে ধাক্কা দেয় ট্রেনটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংটির গেট খোলা ছিল। স্কুলবাসটি যখন ক্রসিং পার হচ্ছিল, ঠিক তখনই নিমতিতা-কাটোয়া ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি পড়ে থাকতে দেখা গেছে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, আপ-লাইনের একটি ট্রেন চলে যাওয়ার পর ক্রসিংয়ের গেটটি খোলা হয়েছিল। কিন্তু পার্শ্ববর্তী লাইন দিয়ে আরেকটি ট্রেন চলে এলেও গেটটি পুনরায় বন্ধ করা হয়নি।
আর এই অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। রেল গেটম্যানের গাফিলতির অভিযোগসহ এই দুর্ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।