ইরান শক্তিশালী অবস্থানে থাকতেই যুদ্ধের অবসান হওয়া উচিত বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘আজ আমরা শক্তি এবং মর্যাদার অবস্থানে রয়েছি। যুদ্ধ এখনই শেষ করা শ্রেয়।’
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সি ও আধা-সরকারি ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গতকাল শুক্রবার প্রেসিডেন্টের এ বক্তব্য প্রকাশ করেছে।
তবে প্রেসিডেন্ট যখন সংঘাত থামানোর তাগিদ দিচ্ছেন, ঠিক তখনই ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সতর্ক করে বলেছেন, যেকোনো ‘নতুন হুমকির’ জবাবে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনা স্থগিত রাখার কথা জানানোর পর যুদ্ধ যদি আবার শুরু হয়, তাহলে আরও ‘বিধ্বংসী’ অস্ত্র মোতায়েন করা হতে পারে বলে গত বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।