ঈদে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন এবং সেতুমন্ত্রী রবিউল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা অতিরিক্ত ভাড়ার বিষয়ে কঠোর হব। নির্ধারিত ভাড়ার বেশি কেউ নিলে তাদের জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ঈদ যাত্রায় হাইওয়ে পুলিশ, জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবহন সংগঠনগুলো অ্যাকটিভ থাকবে। কেউ চাঁদা আদায় করলে, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদের সময় চারদিন সড়ক মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ঈদে যানজট কমাতে গার্মেন্টস শিল্প-কারখানা চার ধাপে ছুটি হবে।’