দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সোমবার (৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, সর্বনিম্ন ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে। একইসময়ে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় হাতিয়ায়।