টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। শিরোপার লড়াইয়ে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে থাকা দুই দলের এই সেমিফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটের হারের স্মৃতি ভুলতে চাইবে ভারত, আর ইংল্যান্ড চাইবে আবারও নকআউটে ভারতকে হতাশ করতে।
গ্রুপ পর্ব পেরিয়ে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। ক্যারিবীয়দের হারিয়ে বেশ আত্মবিশ্বাসী সূর্যকুমারদের দল। ওপেনিংয়ে ইশান কিশান ও সাঞ্জু স্যামসন পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামর্থ্য দেখিয়েছেন। মিডল অর্ডারে দলের বড় ভরসা সূর্যকুমার যাদব, যিনি ৩৫৯ রান নিয়ে আসরের অন্যতম সেরা ব্যাটার। বোলিং আক্রমণে অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহর গতি ও সুইং ইংল্যান্ডের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হতে পারে।
অন্যদিকে ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও এসেছে দারুণ ছন্দে। অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বে গ্রুপ-২ এ প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে থ্রি লায়নরা। স্পিন বিভাগে আদিল রশিদ ও লিয়াম ডসন ভারতের মিডল অর্ডারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।
পরিসংখ্যান বলছে, দুই দলের শেষ পাঁচ দেখায় চারটিতেই জয় ভারতের। তবে নকআউট ম্যাচে ইংল্যান্ডের আত্মবিশ্বাসও কম নয়। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপে অ্যাডিলেডে ১০ উইকেটে ভারতকে লজ্জায় হারানোর স্মৃতি এখনো তাজা ইংলিশদের।
ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ফলে ভারত-ইংল্যান্ড লড়াইয়ের ফলই ঠিক করে দেবে কিউইদের প্রতিপক্ষ কে হবে।