গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকা পড়া একটি ভারতীয় জাহাজের জরুরি সংকেতে সাড়া দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। তারা জাহাজের কর্মীদের খাবার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সহায়তা দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে জানিয়েছে, এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝসাগরে বিকল হয়ে পড়ে। মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার থেকে অনুরোধ পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন।
উদ্ধারকাজে পাকিস্তান নৌবাহিনী তাদের পিএমএসএস কাশ্মীর নামের জাহাজটি মোতায়েন করে।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, এমভি গৌতমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে এবং জাহাজটিকে স্থিতিশীল করতে তাদের খাবার, প্রয়োজনীয় ওষুধ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে।
এই উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনীকে সহায়তা করেছে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে পাকিস্তান নৌবাহিনীর নৌকাকে এমভি গৌতমের কর্মীদের সাহায্য করতে দেখা গেছে।
গত মাসেও উত্তর আরব সাগরে বিপদ সংকেত পেয়ে একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন কর্মীকে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী।