প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। এই হারের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আগামী মৌসুমে চেলসিতে থাকবেন কিনা তা নিয়ে প্রকাশ করেছেন অনিশ্চয়তা।
গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে পিএসজির বিপক্ষে চেলসি ৩-০ গোলে হেরে যায়। এর আগে প্রথম লেগেও তারা ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে হার নিয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে দ্য ব্লুজরা।
ম্যাচের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে চেলসিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ২৫ বছর বয়সী এনজো। সাংবাদিকের প্রশ্ন, চেলসিতে থাকবেন কি? এর জবাবে তিনি বলেন, ‘আমি জানি না। লিগের আর ৮টি ম্যাচ এবং এফএ কাপ বাকি আছে। সামনে বিশ্বকাপ আছে, তারপর দেখা যাবে কী হয়।’
এনজো জানিয়েছেন, পিএসজির বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে তারা ব্যর্থ হয়েছেন। প্রথম লেগের শেষ ১৫ মিনিটে মনোযোগ হারিয়ে তিনটি গোল হজম করেছেন তারা। আর মঙ্গলবারের ম্যাচের শুরুতেই গোল হজম হওয়ায় সব এলোমেলো হয়ে গেছে। তার মতে, পিএসজি যোগ্য দল হিসেবে পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
রিস জেমসের অনুপস্থিতিতে চেলসির অধিনায়ক হিসেবে এখন এফএ কাপ জয় এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দিকে মনোযোগ দিতে চান এনজো।