বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতি শেষ করেছে দাপট দেখিয়ে। জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় যেন তাদের শক্তির আরেকটি বার্তা। এর আগে একই ভেন্যু লা বম্বোনেরায় মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। দুই ম্যাচ মিলিয়ে আত্মবিশ্বাসী এক আর্জেন্টিনাকেই দেখা গেল মাঠে।
এই দুই ম্যাচেই আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে দারুণ একটি গোলও করেছেন তিনি, তবে ম্যাচ শেষে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি। নীরব থাকলেও নিজের উপস্থিতি ঠিকই জানান দিয়েছেন ভিন্নভাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন মেসি, এরপর শেয়ার করেন আরও কয়েকটি মুহূর্ত। দুই ক্ষেত্রেই একই বার্তা, ‘সবসময় আর্জেন্টিনা’; সঙ্গে ছিল দেশের পতাকার প্রতীক। সংক্ষিপ্ত এই বার্তাই যেন তার দেশের প্রতি ভালোবাসার আরেক প্রকাশ।
তবে মাঠের পারফরম্যান্সের বাইরে এখন বড় প্রশ্ন। আসন্ন বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না। কোচ লিওনেল স্কালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি এই মহাতারকা। এই আসরে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।
৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যে নিজের ক্যারিয়ারে ৯০২টি গোল পূর্ণ করেছেন। এর আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া এই কিংবদন্তি ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে চান। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২—প্রতিটি আসরেই ছিলেন তিনি। আর যদি এবারও খেলেন, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়বেন আরেকটি অনন্য রেকর্ড।
মেসির ভবিষ্যৎ নিয়ে কোচ স্কালোনিও রেখেছেন খোলা বার্তা, ‘সে যদি সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়, আর আমি দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘সময় এলে আমরা বসে কথা বলব। সে আমাদের মতোই একই লক্ষ্য চায়। যদি সে আসে, সে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আমরা আশা করি, সে আসার সিদ্ধান্ত নেবে, তারপর দেখা যাবে কী হয়।’