আর মাত্র ৬৮ দিন, তারপরই ফুটবল জ্বরে কাঁপবে পুরো বিশ্ব। সমর্থক, বিশ্লেষক আর ফুটবলবোদ্ধারা ইতোমধ্যেই ব্যস্ত সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে তর্কে। ৪৮ দলের নতুন ফরম্যাটের বিশ্বকাপে কে এগিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার সামনে এসেছে প্রযুক্তির হিসাব।
জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপারকম্পিউটারের বিশ্লেষণে জানিয়েছে— এই আসরে সবচেয়ে এগিয়ে স্পেন। একবারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ। সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে ফিফা র্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে স্পেন। সেই জায়গা দখল করেছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। তবে বিশ্বকাপ জয়ের দৌড়ে এখনও স্পেনকেই এগিয়ে রাখছে অপটা।
স্পেনের পরেই অবস্থান ফ্রান্সের। কিলিয়ান এমবাপ্পেদের শিরোপা জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। হিসাব অনুযায়ী, তাদের বিশ্বকাপ যাত্রা হতে পারে ‘চ্যাম্পিয়ন-রানার্স আপ-চ্যাম্পিয়ন’ ধারার ধারাবাহিকতা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবার শীর্ষে নেই। ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা ১০ শতাংশের বেশি।
শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দলও। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের প্রথম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ এরপরের তালিকায় রয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল ও জার্মানি জাতীয় ফুটবল দল, যারা যথাক্রমে ছয় ও সাত নম্বরে।
নতুন ফরম্যাটে এবারের বিশ্বকাপ আরও জমজমাট হতে যাচ্ছে। গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকেও সেরা আটটি দল উঠবে শেষ ষোলোতে। ফলে বড় দলগুলোর গ্রুপ থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনা কম হলেও, তৃতীয় হয়ে পরের রাউন্ডে যাওয়ার লড়াইটা হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় হয়ে শেষ ষোলোতে উঠতে পারে দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আইভরি কোস্ট, সুইডেন, ঘানা ও কাতার। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। আর ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞ।