নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী বার্তা দিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে নতুন বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনার বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।
চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সিরিজের আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। তিনি জানান, নতুন সভাপতির সঙ্গে দলের পারফরম্যান্স ও মনোভাব নিয়ে কথা হয়েছে।
মিরাজ বলেন, ‘প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে। আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি শুধু এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
অনুশীলন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি এবং বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি।’
আরও যোগ করেন, ‘আমরা তো অনুশীলন করেছি এবং গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি। পেশাদার হিসেবে বাইরে কী হয় এটা আমাদের ঐরকম মাথায় প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা।’