দীর্ঘ দুই দশক ধরে ফুটবল দুনিয়াকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মাঠের ভেতরের সেই ট্রফি, গোল আর ব্যালন ডি’অরের লড়াই এবার ধীরে ধীরে মাঠের বাইরে নতুন রূপ নিচ্ছে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে দুই মহাতারকা এখন মুখোমুখি হচ্ছেন স্প্যানিশ ফুটবলের মালিকানা যুদ্ধেও। সম্প্রতি স্পেনের দুটি ভিন্ন ক্লাবে বিনিয়োগ করে তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ফেব্রুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে নেন। অন্যদিকে গত সপ্তাহে লিওনেল মেসি দায়িত্ব নেন কাতালুনিয়ার ক্লাব ইউই করনেলার। তবে দুই ক্লাবের বাস্তবতা একেবারেই আলাদা চিত্র তুলে ধরে।
রোনালদোর আলমেরিয়া বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগ সেগুন্দা ডিভিশনে তৃতীয় স্থানে আছে। ১৭,৪০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নিয়ে তারা লা লিগায় ফেরার লড়াই চালাচ্ছে। বিপরীতে মেসির করনেলা আবার অনেক নিচের পর্যায়ে, স্পেনের পঞ্চম বিভাগে খেলে। বার্সেলোনার ক্যাম্প ন্যু থেকে মাত্র ৫ মাইল দূরে অবস্থিত এই ক্লাবটির স্টেডিয়াম ধারণক্ষমতা মাত্র ১,৫০০।
রোনালদো বরাবরই বড় পরিসরের ক্লাব মালিক হওয়ার স্বপ্ন দেখেছেন। আলমেরিয়ায় তার বিনিয়োগের পেছনে সৌদি আরবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কারণ ক্লাবটির বড় অংশের মালিকানা একটি সৌদি কনসোর্টিয়ামের হাতে। তিনি বিশ্বাস করেন, আলমেরিয়াকে আবারও লা লিগার শক্তিশালী দলে পরিণত করা সম্ভব।
অন্যদিকে মেসির সিদ্ধান্ত এসেছে একেবারে আবেগ ও শিকড়ের টান থেকে। বার্সেলোনার সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক এবং কাতালুনিয়ার স্থানীয় প্রতিভা বিকাশের আগ্রহ থেকেই তিনি করনেলার দায়িত্ব নিয়েছেন। তার লক্ষ্য হলো ক্লাবটির একাডেমি শক্তিশালী করে ধীরে ধীরে ওপরের দিকে তুলে আনা।
তবে কি আবার দেখা যাবে মেসি-রোনালদোর লড়াই? এই প্রশ্ন এখন ফুটবল দুনিয়ায় ঘুরছে বারবার। তবে বাস্তবতা বলছে, আলমেরিয়া ও করনেলা বর্তমানে তিনটি ভিন্ন লিগ স্তরে থাকায় সরাসরি লিগ ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার কোনোরকমক সুযোগ নেই।
তবুও দুটি সম্ভাবনা রয়ে গেছে; প্রথমত কোপা দেল রে, স্প্যানিশ কাপের ড্রতে একই ফিক্সচারে পড়লে মুখোমুখি হতে পারে দুই ক্লাব। দ্বিতীয়ত প্রীতি ম্যাচ, প্রাক-মৌসুমে গ্ল্যামার ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন হলে সেই সুযোগ তৈরি হতে পারে।
মজার বিষয় হলো, করনেলার একাডেমি থেকেই উঠে এসেছেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। এখানে খেলেছেন বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা। অন্যদিকে আলমেরিয়ায় খেলেছেন সাবেক লিভারপুল তারকা ডারউইন নুনিয়েজ এবং সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আলভারো নেগ্রেদো।