সৌদি প্রো লিগের শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হোঁচট খেল আল নাসর। নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা অপেক্ষা আরও দীর্ঘ হলো।
এই ম্যাচে জয় পেলেই সৌদি প্রো লিগের ট্রফি নিশ্চিত হয়ে যেত আল নাসরের। দীর্ঘ সময় এগিয়েও ছিল দলটি। কিন্তু যোগ করা সময়ের নাটকীয় আত্মঘাতী গোল সব হিসাব বদলে দেয়।
রিয়াদের আল আউয়াল পার্কে ম্যাচের ৩৭ মিনিটে মোহামেদ সিমাকানর গোলে এগিয়ে যায় আল নাসর। এরপর পুরো ম্যাচজুড়ে সেই লিড ধরে রাখার লড়াই চালায় তারা। তবে শেষ মুহূর্তে এসে ভেঙে পড়ে সব পরিকল্পনা।
ম্যাচের ৯০+৮ মিনিটে আল হিলালের লং থ্রো ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক বেন্টো ও ডিফেন্ডার ইনিগো মার্তিনেজের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ধাক্কার পর বেন্টোর হাত ফসকে বল জড়িয়ে যায় নিজেদের জালেই। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আল নাসরের খেলোয়াড় ও সমর্থকেরা।
এই ড্রয়ের পর ৮৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে আল নাসর। তবে তাদের হাতে বাকি মাত্র একটি ম্যাচ। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের হাতে এখনো দুই ম্যাচ রয়েছে। ফলে শিরোপা লড়াইয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ম্যাচজুড়ে নজর ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। এই ম্যাচেও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা। শেষ বাঁশি বাজতেই হতাশ মুখে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।