আইপিএলের ১৯ বছরের ইতিহাসে এবারই প্রথম দেখা গেল এক অনন্য ঘটনা। ২০২৬ মৌসুমে ১০টি ফ্র্যাঞ্চাইজিই পেয়েছে অন্তত একজন করে সেঞ্চুরিয়ান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রায়পুরে ৬০ বলে ১০৫ রান করে এই বিশেষ রেকর্ড পূর্ণ করেন বিরাট কোহলি। এটি ছিল আইপিএল ক্যারিয়ারে তার নবম সেঞ্চুরি।
এবারের আইপিএল ছিল ব্যাটারদের দাপটের মৌসুম। তরুণ প্রতিভা থেকে অভিজ্ঞ তারকা, প্রায় সব দলই পেয়েছে ম্যাচজয়ী শতক। চেন্নাই সুপার কিংসের হয়ে সঞ্জু স্যামসন করেছেন দুটি সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে তিনজন সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক, তিলক ভার্মা ও রায়ান রিকেলটন। এর মধ্যে রিকেলটনের ৪৪ বলে শতক ছিল মুম্বাইয়ের ইতিহাসে দ্রুততম।
রাজস্থান রয়্যালসের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৭ বলে ১০৩ রান করেন তিনি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে কেএল রাহুল খেলেছেন মৌসুমের সর্বোচ্চ ইনিংস। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৫২ রান করে গড়েছেন ভারতীয়দের মধ্যে আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড।
এছাড়া লখনউয়ের মিচেল মার্শ, কলকাতার ফিন অ্যালেন, গুজরাটের সাই সুদর্শন ও সানরাইজার্সের অভিষেক শর্মাও সেঞ্চুরি করে নিজেদের নাম লিখিয়েছেন এবারের ব্যাটিং উৎসবে। সব মিলিয়ে ২০২৬ আইপিএল হয়ে থাকল এমন এক মৌসুম, যেখানে প্রতিটি দলই পেয়েছে অন্তত একজন শতরানকারী।