২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেছেন, দলকে জিতিয়েছেন, কিন্তু বড় কোনো শিরোপা যেন অধরাই ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। এবার সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল-নাসর।
শিরোপা নির্ধারণী ম্যাচেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন রোনালদো। দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন তিনি। এই দুই গোল মিলিয়ে চলতি লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ, আর পেশাদার ক্যারিয়ারেছেন ৯৭৩ গোল।
তবে শিরোপা জিতলেও মৌসুমসেরার পুরস্কারটা ওঠেনি রোনালদোর হাতে। তাকে টপকে সৌদি প্রো লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তারই ক্লাব ও জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স। প্রথম মৌসুমেই আল-নাসরের হয়ে ২০ গোল ও ১৩ অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
পুরস্কার জয়ের পর ফেলিক্স বলেন, ‘ফুটবল খেলতে পারাটা আমার জন্য আনন্দের, বিশেষত নিজের পজিশনে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাসী করেছেন, তিনি আমাকে দলকে সামনে নিয়ে যাওয়ার, প্রয়োজনমতো সাহায্য করার এবং মনোযোগী হতে প্রেরণা দিয়েছেন। আর যখনই এসবের সমন্বয় ছিল, তখন সব ঠিকঠাকই হয়।’
অন্যদিকে আল-নাসরের কোচ জর্জ জেসুস মৌসুমসেরা কোচের পুরস্কার জিতে রোনালদোকেই সামনে আনলেন। তিনি বলেন, ‘এই জয় সবার এবং বিশেষ করে ক্রিস্টিয়ানোর। কারণ এর আগপর্যন্ত তিনি সৌদি আরবের কোনো টাইটেল জিততে পারেননি। আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, বলেছিলাম তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব। চলো শিরোপা জিতি এবং আমি বিদায় নিই। আমার জন্য এখানেই শেষ। আল-নাসরের সঙ্গে শেষ ম্যাচটা সম্পন্ন করলাম।’